কুমিল্লা: কিশোর গ্যাং ও উঠতি বয়সি অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলার ১৮টি থানার পুলিশ একযোগে অভিযান শুরু করে, চলে সারারাত ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না এবং তাদের পূর্বের কোনো অপরাধের রেকর্ড আছে কি না-তা যাচাই-বাছাই করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে কুমিল্লায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সি কিশোরদের সম্পৃক্ততার অভিযোগ ও তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে যেখানে বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৭৫ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪৬, বুড়িচং থানায় ৫০, মনোহরগঞ্জ থানায় ৪১, দাউদকান্দি থানায় ৫৯ ও লাকসাম থানায় ৩৫ জন আছে। অন্য থানায় আটক ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযান শুরুর পর গতকাল রাত আটটা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা, সদর দক্ষিণ মডেল থানাসহ বিভিন্ন থানার সামনে অভিভাবকদের ভিড় দেখা যায়। কিশোরদের আটকের খবর পেয়ে থানায় ছুটে আসেন তারা। গভীর রাত পর্যন্ত তাদের অনেকে থানার বাইরে অপেক্ষা করেন।