ঢাকা: কাঁচাপাট রফতানিকারকদের বিরূপমানে শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন করার সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন কাঁচাপাট রফতানিকারকরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কাঁচাপাট রফতানিকারকদের বিদ্যমান সমস্যা সমাধানে আগে জারি করা বিভিন্ন নির্দেশনার আওতায় ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছিল। এজন্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে গ্রাহকের শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ৩০ জুন ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
তবে কাঁচাপাট রফতানিজনিত জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্ট পরিশোধসহ অন্যান্য শর্ত পূরণ করে আবেদন করতে পারেন নি বলে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে।
এ অবস্থায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচাপাট রফতানিকারকদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিরূপমানে শ্রেণিকৃত ঋণ— সাবস্ট্যান্ডার্ড (এসএস), ডাউটফুল (ডিএফ) ও ব্যাড/লস (বিএল)—এর স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, এই সুবিধার আওতায় পাওয়া সব আবেদন প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে। তবে আগের সার্কুলার লেটারে উল্লেখ করা অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।