ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ২১টি মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান কর্মচারীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল প্রদানের মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেল পেয়েছেন, তারা ঢাকার মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেন ব্যবস্থার সেবা প্রদান করবেন।’
তিনি বলেন, ‘যেসব রাস্তায় গাড়ি প্রবেশ করে না সেখানে সহজে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যায় এবং এই মোটরসাইকেলের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা আরও দ্রুত ও উন্নত করা যাবে।’
ডিএনসিসি জানায়, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে হায়ার পারচেজের ভিত্তিতে ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল কেনা হয়েছে।
এর মধ্যে রাজস্ব বিভাগের সাতজন, স্বাস্থ্য বিভাগের ছয়জন, প্রকৌশল বিভাগের চারজন, সচিব দফতরের দুইজন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন ও প্রশাসক দফতরের একজন মোটরসাইকেল পেয়েছেন। কর্মচারীরা ১২০ কিস্তিতে ঋণ পরিশোধের পর মোটরসাইকেলগুলো নিজেদের নামে নিতে পারবেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।