সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরিষাকোল বাজার এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক মোমিনুল। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, সকাল ৬টা ৩৭ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।