Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলিস্তান থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪২

ঢাকা: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে ডিএমপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া।

তিনি বলেন, জাসদ নেতাদের কাছ থেকে কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। এর মধ্যে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাচাই-বাছাই শেষে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে তিনি বলেন, তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ওখান থেকে তাদের সেভ করেছি নিরাপদে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা হেফাজতে নিতে পেরেছিলাম। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পুলিশের কাছ থেকে এই প্রোগ্রামের কোনো অনুমতি নেওয়া ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু তাদেরকে ওখানে মিটিং করার জন্য অনুমতি দেওয়া হয়নি।

একটি পক্ষ ওই জাসদ কার্যালয় দখলের চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কার্যালয়ের দখলের কোনো সুযোগ নেই। কার্যালয়টি এখন আমাদের হেফাজতে রয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছেন, ২৭ জন বাদে সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকীদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

এর আগে শনিবার দুপুরের পর জাসদের প্রধান কার্যালয়ে যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের গোপন মিটিং চলছে বলে ঘেরাও করে রেখে পুলিশকে খবর দেয়। পরে অভিযান চালায় পল্টন থানা পুলিশ। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছিল, জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর