কোথায় গিয়েছেন, কতক্ষণ ছিলেন কিংবা কোন পথ ধরে যাতায়াত করেছেন গুগল ম্যাপসের ‘লোকেশন হিস্ট্রি’ (টাইমলাইন) ফিচারটি আপনার প্রতিটি পদক্ষেপের একটি নিখুঁত ডিজিটাল রেকর্ড তৈরি করে রাখে।
অতীতে ঘুরতে যাওয়া কোনো প্রিয় রেস্তোরাঁর নাম খুঁজে বের করা কিংবা ভ্রমণের হিসাব রাখার জন্য এটি বেশ কাজের। কিন্তু এই সুবিধার বিনিময়ে গুগলকে দিতে হয় আপনার সার্বক্ষণিক রিয়েল-টাইম লোকেশন অ্যাক্সেস। অনেকেই এই নিরবচ্ছিন্ন ট্র্যাকিংকে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির জন্য বড় ঝুঁকি বলে মনে করেন। আপনিও যদি গুগলের সার্ভারে নিজের যাতায়াতের তথ্য জমা রাখতে না চান, তবে খুব সহজেই এটি বন্ধ ও ডিলিট করে দিতে পারেন।
আসুন জেনে নেই,গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি বন্ধ ও ডিলিট করার উপায়…
গুগল ম্যাপসে লোকেশন হিস্ট্রি বন্ধ ও ডিলিট করার ধাপসমূহ
১. গুগল ম্যাপস খুলুন: আপনার ফোনে গুগল ম্যাপস অ্যাপটি ওপেন করে সার্চ বারের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
২. টাইমলাইনে যান: তালিকা থেকে Your Timeline অপশনটি নির্বাচন করুন।
৩. সেটিংসে প্রবেশ করুন: ওপরের ডান পাশে থাকা থ্রি-ডট (⋮) মেন্যুতে ট্যাপ করে Location and privacy settings-এ যান।
৪. টাইমলাইন বন্ধ করুন: Timeline is on অপশনে ট্যাপ করে Turn off বেছে নিন। এখানে দুটি বিকল্প পাবেন…
Turn off: এতে নতুন করে লোকেশন সেভ হওয়া বন্ধ হবে, তবে আগের তথ্যগুলো থেকে যাবে।
Turn off and delete activity: এতে নতুন ট্র্যাকিং বন্ধ হওয়ার পাশাপাশি আগের সব সংরক্ষিত লোকেশন ডেটাও চিরতরে মুছে যাবে।
নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে (Auto-Delete) মুছে ফেলার উপায়
লোকেশন হিস্ট্রি পুরোপুরি বন্ধ না রেখে যদি চান একটি নির্দিষ্ট সময় পর পুরোনো তথ্যগুলো নিজেই মুছে যাক, তবে…
একই সেটিংস থেকে Auto-delete location history অপশনে প্রবেশ করুন।
এখান থেকে ৩ মাস, ১৮ মাস অথবা ৩৬ মাস সময়সীমা নির্ধারণ করে দিন। নির্ধারিত সময়ের চেয়ে পুরোনো যেকোনো লোকেশন তথ্য গুগল নিজ থেকেই মুছে ফেলবে।
সংক্ষেপে বলা যায়, লোকেশন হিস্ট্রি ফিচারটি সুবিধাজনক হলেও নিজের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সবার আগে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ সার্ভিসটি বন্ধ রাখা কিংবা নির্দিষ্ট সময় পর পর অটো-ডিলিট চালু রাখার মাধ্যমে খুব সহজেই নিজের স্মার্টফোনের প্রাইভেসি নিয়ন্ত্রণে রাখতে পারেন।