চবি: সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে মেধাবী প্রার্থীদের অবৈধভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় চাকসু নেতৃবৃন্দদের ‘চাকরি নিয়ে প্রহসন চলবে না, চলবে না’, ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, চাকরি নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এ সময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব অভিযোগ করে বলেন, ‘আমরা দেখেছি সরকার বিভিন্ন চেয়ারম্যানের পদসহ বিভিন্ন জায়গায় তাদের লোক নিয়োগ দিয়েছে। একের পর এক দলীয়করণ করা হচ্ছে। এর আগে কমিটির মাধ্যমে নিয়োগ ও ভাইবার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। আশা করি সরকার এসব সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। বাংলাদেশের জনগণ যেভাবে চায়, সে অনুযায়ী দেশ পরিচালনা করুন। সবাই সহযোগিতা করবে।’
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে মেধাবীদের বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা যদি পাঁচ বছর সুন্দরভাবে পার করতে চান, তাহলে ছাত্রসমাজের বিরোধী কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলার মানুষ আপনাদের এসব পরিকল্পনা বেশিদিন মেনে নেবে না।’