ঢাকা: রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় জামায়াতের এক সংসদ সদস্যের (এমপি) জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় ৬ জন গ্রেফতার করা হলো।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মিজানুরকে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, গ্রেফতার মিজানুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মাটিকাটায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের সময় সেখানে সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন। গ্রেফতার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, নিউগিনি প্রপার্টিজ এ হামলার ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে ডিএমপি।
এর আগে, গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।