কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বৈদ্যুতিক তার, মিটার ও ফিউজ পরীক্ষা করে শর্টসার্কিটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিদ্যুতের লাইন ও প্রধান সুইচের ফিউজও অক্ষত ছিল।
তিনি বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো আলামত মেলেনি। তাই বৈদ্যুতিক শর্টসার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দায়ী করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখেন।
উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য। মামলায় তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।