এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচটা মাঠে নামার সুযোগই পেল না বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। টানা বৃষ্টিতে ভেসে গেল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তাতে বাংলাদেশের অবশ্য লস হয়নি! টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ দল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যদি কোনো ম্যাচ আয়োজন সম্ভব না হয় তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটি। ম্যাচ শুরুর সময় আসার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
একই দিনে শ্রীলঙ্কা-নেপাল কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে চার কোয়ার্টার ফাইনালের কোনোটিতেই খেলার সুযোগ পেল না দলগুলো। এর আগে পাকিস্তান ও হংকং এবং ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালও একই কারণে বাতিল হয়েছিল। পাকিস্তান ও ভারত উচ্চতর র্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয়।
না খেলেই সেমিফাইনালে উঠা বাংলাদেশ দলের সামনে এখন পাকিস্তান। আগামী ১ অক্টোবর টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা।
সেমিফাইনালে বৃষ্টি হলে সেটা বাংলাদেশের জন্য দুঃসংবাদই হবে। কারণ বৃষ্টির কারণে সেমিফাইনালও পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে তখন বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হবে।
বাংলাদেশের এশিয়ান গেমস ক্রিকেট ইতিহাসে সোনা জয়ের স্মৃতি আছে ২০১০ সালের। ২০১৪ ও ২০২২ আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার লিটন দাসের নেতৃত্বে পূর্ণশক্তির দল নিয়ে এশিয়ান গেমস খেলতে গিয়েছে বাংলাদেশ, যাতে পদক নিশ্চিত হয়।