ঢাকা: ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২ অক্টোবর)। এ উপলক্ষ্যে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী শনিবার (২৪ অক্টোবর) বাংলা একাডেমিতে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আহমদ রফিকের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন।
আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ভাষা আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে গবেষণা করেছেন আহমদ রফিক। তার কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে তিনি দুই বাংলায় অগ্রগণ্য। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমদ রফিক।
উল্লেখ্য, ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে। তারা আহমদ রফিকের স্মৃতিবিজড়িত বইপুস্তক ও মূল্যবান সব সামগ্রী নিয়ে একটি গ্রন্থগার ও স্মৃতিজাদুঘর গড়ে তুলতে চায়। কিন্তু সরকার বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া জাদুঘর গড়া যেমন সম্ভব নয়, তেমনি তার ব্যবহার্য সামগ্রীগুলোও টিকিয়ে রাখা সম্ভব নয়।