Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস

স্পেশাল করেসপন্ডেন্ট 
৪ অক্টোবর ২০২৬ ১৬:২৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ১৭:৪৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। একই সঙ্গে এ খাতে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার( ৪ অক্টোবর) সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ  উপস্থিত ছিলেন।

সাক্ষাতে পানিসম্পদমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছিলেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ হওয়ায় দুই দেশের ভূপ্রকৃতিতে অনেক মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে নেদারল্যান্ডস সরকার কাজ করতে আগ্রহী।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মো. এনামূল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর