Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ২০:১৩

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। কর্মীদের বিদেশে কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’

বিজ্ঞাপন

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও নিয়োগকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। অভিবাসনসংক্রান্ত সব ব্যয়ও বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর