Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইইউর সঙ্গে যৌথ উদ্যোগে কৃষিপণ্য রফতানি বাড়াতে চান বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ২০:২৬

শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির – ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও রফতানি বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে ইইউ’র সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে বাংলাদেশের কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান বিবেচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। এ জন্য অঞ্চলভিত্তিক মাটির পুষ্টিমান মানচিত্র তৈরির নির্দেশনাও দেন তিনি।

সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ মেট্রিক টন কৃষিপণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি।

এ ছাড়া কেন্দ্রীয় প্যাকিং হাউস চালুর আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে কৃষিপণ্যের মানসংক্রান্ত বছরে ১২০ থেকে ১৭০টি আপত্তি এলেও বর্তমানে তা ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।

সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর