ঢাকা: বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এ ব্রিফিং আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলা জামিনযোগ্য হলেও আদালত জামিন নামঞ্জুর করেছে।
তিনি অভিযোগ করেন, ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান অসুস্থ হলেও কারাগারে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার গেজেট আদালতে উপস্থাপন করা হলেও তাকে ডিভিশন দেওয়া হয়নি।
অবিলম্বে আখতারুজ্জামানের ডিভিশনের আদেশ কারাগারে পাঠানো এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান জামায়াতের এই নেতা।
এ ছাড়া আদালতে বিএনপির আইনজীবী ও নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মব সৃষ্টি’ এবং আখতারুজ্জামানের আইনজীবী ও স্বজনদের ওপর হামলার অভিযোগ করেন গোলাম পরওয়ার।