সিরাজগঞ্জ: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে রং-বেরঙের বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে টেকসই নগরায়ণ ও সর্বজনীন বাসস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন এলজিইডি সিরাজগঞ্জের সহকারী প্রকৌশলী মো. মশিউল আলম, গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. সোহানুর রহমান, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট মো. হাফিজুর রহমান, উচ্চমান হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম খন্দকারসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।