ঢাকা: রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রিপন মণ্ডল।
সোমবার (৫ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার (৩ অক্টোবর) রাতে মিরপুর-১ নম্বরে একটি বাচ্চা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপন মণ্ডল নামে ওই ব্যক্তি রোববার থেকে একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই তাকে আটকের কথা বলছে পুলিশ।
ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও রোববার (৪ অক্টোবর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে এটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের।
ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অপরাধে মিরপুর এলাকার কোনো এক মার্কেটের নিরাপত্তাকর্মী পশুর মতো পেটাচ্ছে একজন মেয়ে পথশিশুকে। পথচারীদের একজন থামাতে উদ্যত হলে, পাশ থেকে একজনকে তাকে বাধা দিতে এগিয়ে যেতে দেখা যায়।
তিনি বলেন, এ ধরনের পৈশাচিক ঘটনা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। অপরাধ যাই হোক না কেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই একমাত্র উপায়, কোনোভাবেই তাকে নির্যাতন করার সুযোগ নেই।
ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী ও তার সহযোগীর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।