Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬ ২০:১৪

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৩৯ রানের লড়াকু পুঁজি। এরপর পাকিস্তানের ৬৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বাগতিকদের ১৩ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের অপর দুই দল পাকিস্তান ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দেখায়ও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায়। এই জয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের ফারজানা ইয়াসমিন।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর অচেনা জান্নাত এমান্তা ও নিশিতা আক্তার নিশি দলকে সামাল দেন। নিশি ১৯ বলে ২০ এবং এমান্তা ১৮ বলে ১৭ রান করেন। অধিনায়ক সাদিয়া ইসলাম যোগ করেন ২১ বলে ২৪ রান।

১৩ ওভারে ৮৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাদিয়া আক্তার ও ফারজানা ইয়াসমিন শেষ দিকে ঝড় তোলেন। দুজনের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। সাদিয়া ৩৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন, আর ফারজানা ২২ বলে অপরাজিত ২৮ রান করেন।

জবাবে পাকিস্তানের শুরুটা ছিল বাংলাদেশের বিপরীত। কমল খান ও রাভাইল ফারহান মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৯ রান। কমল ২৯ বলে ৩৬ এবং রাভাইল ২৯ বলে ৩২ রান করে স্বাগতিকদের জয়ের পথে রেখেছিলেন।

কিন্তু এই জুটি ভাঙার পর পাকিস্তান আর প্রভাব ধরে রাখতে পারেনি। ১০ম ওভারে কমল ও রাভাইলকে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরের ওভারে আরও একটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রানের গতি আটকে দেয় বাংলাদেশ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। জুফিশান আইয়াজ ৩০ বলে ৩২ রান করে লড়াইটা শেষ পর্যন্ত টেনে নেওয়ার চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানেই থামে তাদের ইনিংস।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট নেন। তিথি দাস অপর্ণার শিকার একটি উইকেট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর