Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে নৌকাবাইচ চলাকালে ধাক্কা, দুই নৌকা ডুবে আহত ২০

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ২৩:৩৫

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে প্রতিযোগী দু’টি নৌকার মধ্যে ধাক্কা লেগে উভয় নৌকা পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় দুই নৌকার মাঝি ও বাইছালদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে একটি নৌকা উদ্ধার করা হলেও অপর নৌকাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাটে আয়োজিত ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থী জড়ো হন। প্রতিযোগিতা চলার সময় সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকা পাশাপাশি চলে আসে। এ সময় নৌকা দুটির মধ্যে সংঘর্ষ হলে দুটিই নদীতে ডুবে যায়।

বিজ্ঞাপন

পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই নৌকার বাইছালদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, নৌকাবাইচ চলাকালে দুই নৌকার মধ্যে ধাক্কা লেগে নৌকা দুটি ডুবে যায়। একটি নৌকা উদ্ধার করা হয়েছে। অপরটি উদ্ধারের চেষ্টা চলছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর