চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে সুস্থ করার নামে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) নামের এক প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে। সাঈদ ওই এলাকার নুর মোহাম্মদ চৌকিদারের ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা নুর মোহাম্মদ ও কবিরাজ আব্দুর নূরকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে এক কবিরাজের পরামর্শে মঙ্গলবার বিকেলে তাকে ঘরের ভেতর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করা হচ্ছিল। একপর্যায়ে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ সারাবাংলাকে বলেন, ‘কবিরাজের পরামর্শে যুবকটির হাত-পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে ঝাড়ফুঁক করার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ও কবিরাজকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’