পটুয়াখালী: দীর্ঘ দুই বছর বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী “ফান ঝৌ-৬” নামের একটি জাহাজ।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বন্দরের কেনা আধুনিক ৫ টি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।
ইকুইপমেন্টগুলো হলো ৮০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন, ৪০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্টি ক্রেন ও ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব ইকুইপমেন্ট কেনা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ১৮ সেপ্টেম্বর চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিকটন পাথর নিয়ে এমভি জেইন নামের একটি এবং ওই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ নামের অপর একটি মাদারভ্যাসেল সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল।
পায়া বন্দর চেয়ারম্যান,রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, রাবনবাদ চ্যানেলের নাব্যতা সংকটে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।