Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডেঙ্গু মোকাবিলা করতে হলে সবার প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে করে মশা বাসা বাঁধতে না পারে। ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে দেশের প্রতিটি পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংস করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ১২ই সেপ্টেম্বর ঘোষিত প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকারের কর্মী ও সহকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। মশার কামড় ও প্রজনন থেকে রক্ষা পেতে এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশিকা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া ডেঙ্গু পরীক্ষার খরচ প্রসঙ্গে তিনি জানান যে, পূর্বে টেস্টের জন্য ৫০ টাকা ফি নেওয়া হলেও বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। যেকোনো নাগরিক এখন বিনা পয়সায় সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে পারবেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকার বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও, এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার, কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার।

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর