খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের মোট ১২ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসির) এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোনীত ১২ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষে ছয়জন, ২০২০ শিক্ষাবর্ষে পাঁচজন এবং ২০২১ শিক্ষাবর্ষে একজন রয়েছেন।
তালিকায় স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন- ২০১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ ৩.৯৬), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল থেকে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (সিজিপিএ ৩.৭৫), জীববিজ্ঞান স্কুল থেকে ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), চারুকলা স্কুল থেকে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাস্সুম ইমা (সিজিপিএ ৩.৮১), কলা ও মানবিক স্কুল থেকে বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (সিজিপিএ ৩.৫০) এবং সামাজিক বিজ্ঞান স্কুল থেকে অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ ৩.৮৯)।
২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল থেকে গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল (সিজিপিএ ৩.৯৪), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসেন (সিজিপিএ ৩.৯৩), জীববিজ্ঞান স্কুল থেকে ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা শিকদার (সিজিপিএ ৩.৯৫), কলা ও মানবিক স্কুল থেকে ইংরেজি ডিসিপ্লিনের টি এম রাফাত রহমান (সিজিপিএ ৩.৫২) এবং সামাজিক বিজ্ঞান স্কুল থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (সিজিপিএ ৩.৯৪)। ২০২১ শিক্ষাবর্ষে কলা ও মানবিক স্কুল থেকে ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির (সিজিপিএ ৩.৬৭)।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।
এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণায় অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।