Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

জবি করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১০:০১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৯ সালের জন্য ছয়জন, ২০২০ সালের জন্য পাঁচজন এবং ২০২১ সালের জন্য পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ছয় শিক্ষার্থী হলেন-হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। তারা সবাই ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

২০২০ সালের জন্য মনোনীত পাঁচজন হলেন-শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তারা ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে, ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তারা ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০০৫ সালে এ পদক চালু করা হয়। বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী এবং প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য নির্বাচিত করা হয়।

এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর