চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে মো.মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানা (৩২)-কে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৩, ঢাকার যৌথ আভিযানিক দল। মেহেদী হাসান সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মো. হাসানের ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানাধীন ১৮নং ওয়ার্ডের নর্দ্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সীতাকুণ্ড থানার মো.মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানা ঢাকার গুলশানে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে নদ্দা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।