Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ২৩:৩৭

কুষ্টিয়া: লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির চার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে মিছিলটির শহরের থানা মোড় প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন জাতীয় রাজনৈতিক নেতার ওপর প্রকাশ্যে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার মাধ্যমে শুধু একজন ব্যক্তিকে আক্রমণ করা হয়নি, বরং ২৪ পরবর্তী দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতাকেও প্রশ্নের মুখে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এসময় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক মো. তাছের, যুবশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্র শক্তির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মখলেচুর রহমান আয়াস-সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেয় পুলিশ। এতে মিছিল ও সমাবেশ পণ্ড হয়।

সেদিন পুলিশ জানিয়েছিল, নিরাপত্তাজনিত কারণে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কিছুসময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর মাজার প্রাঙ্গণে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর