Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের দুশ্চিন্তা ‘গরম’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ২৩:৫০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬ ২৩:৫২

দুদিন পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটা হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এই প্রথম আরব আমিরাতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। টেস্টের আগে আবুধাবির গরম বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে বাংলাদেশি ক্রিকেটাররা আমিরাতে গেছেন দুই ভাগে। জাপানে এশিয়ান গেমস শেষ করে দ্বিতীয়ধাপে বেশ কয়েকজন যোগ দিয়েছেন দলের সঙ্গে, আর তার আগেই প্রথম ধাপে কয়েকজন সেখানে পৌঁছেছিলেন। জাপান থেকে পরে যারা গেছেন তারা এমনিতেই অনুশীলনের সুযোগ পাচ্ছেন কম, তার ওপর এই গরম দুশ্চিন্তা।

বিজ্ঞাপন

জাপানে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির কম। আর আবুধাবিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। হুট করে এই বাড়তি তাপের মধ্যে গিয়ে টেস্ট খেলা স্বাভাবিকভাবেই সহজ হবে না। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স জানালেন, টেস্টের আগে বাংলাদেশের একটামাত্র দুশ্চিন্তা  এই গরম নিয়েই।

ফিল সিমন্স বলেন, ‘এই মুহূর্তে এটাই একমাত্র সমস্যা। যারা জাপান থেকে এসেছে, সেখানে তেমন কিছু না করেই তাদের এই আবহাওয়ায় এসে দুই দিন কাটাতে হচ্ছে। তারা কীভাবে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, সেটাই দেখার বিষয়।’

তবে সিমন্স আশাবাদী লিটনদের নিয়ে, ‘শেষ পর্যন্ত এটা মানসিক ব্যাপারও। কীভাবে তারা নিজেদের মানিয়ে নেয়, সেটাই গুরুত্বপূর্ণ। আজ অবশ্য তাদের ভালোই মনে হয়েছে। গরমের মধ্যে প্রথম দিন হিসেবে তারা ভালো করেছে। তাই আমি নিশ্চিত, তারা দ্রুতই নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

আরব আমিরাতে ভালো উইকেটে খেলতে পারবেন তেমন প্রত্যাশা বাংলাদেশ কোচের। উইকেটের আচরণ এখন পর্যন্ত যা তাতে ভালো উইকেট হওয়া বিষয়ে সিমন্স আশাবাদিও।

বাংলাদেশ কোচ উইকেট নিয়ে বলেছেন, ‘আমি উইকেট দেখেছি। ভালোই মনে হচ্ছে। একটু ধীর গতির হতে পারে, তবে ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমরা ভালো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি, বেশ কয়েকজন স্পিনারের বিপক্ষে আমাদের খেলতে হবে। সেসব মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি, আর প্রস্তুতিও ভালো হয়েছে।’

আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার একটিতে জিতেছে আর অপরটিতে হার। আবুধাবির গরমকে পাশ কাটিয়ে বাংলাদেশ এই পরিসংখ্যান কোথায় নিতে পারে সেটাই দেখার বিষয়।

সারাবাংলা/এসএইচএস