ঢাকা: রাজধানীর রূপনগর এলাকা থেকে অপহৃত ছয় বছরের শিশু বায়জিদ উদ্ধার এবং এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের মূল হোতা তহুরা বানু লিপিকে (৪৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শিশু বায়জিদকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। তবে বয়স একটু বেশি হওয়ায় বিভিন্ন জায়গায় চেষ্টা করেও শিশুটিকে বিক্রি করতে ব্যর্থ হন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এসআরবি-৪ সদর দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এসআরবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় এসআরবি-৪ এবং এসআরবি-১ একটি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকার নিজ বাসা থেকে অপহৃত হয় শিশু বায়জিদ। শিশুটি নিখোঁজের পর ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অপহরণের পর শিশুটিকে প্রায় দেড় কিলোমিটার দূরে ‘ফেয়ার নার্সিং হোম ক্লিনিক’-এ নিয়ে যাওয়া হয়। পরবর্তী অন্য একটি সিসিটিভি ফুটেজে তহুরা বানু লিপি ও তার সহযোগী নাসরিনকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত লিপি জানায়, শিশুটিকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। তবে বয়স একটু বেশি হওয়ায় বিভিন্ন জায়গায় চেষ্টা করেও তারা শিশুটিকে বিক্রি করতে ব্যর্থ হয়। পরে লিপির পরামর্শে নাসরিন শিশুটিকে অন্য জায়গায় নিয়ে যায়।
এসআরবি জানায়, ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এবং এসআরবি ও পুলিশের তৎপরতা জোরদার হলে অপহরণকারীরা ভয় পেয়ে যায়। একপর্যায়ে লিপি ও নাসরিন শিশু বায়জিদকে টঙ্গী এলাকার একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৪ বায়জিদকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে। এরপরই গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের খাঁ পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা তহুরা বানু লিপিকে গ্রেফতার করা হয়। এর আগে এই চক্রের সঙ্গে জড়িত কুলসুম নামের অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তহুরা বানু লিপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অপহরণ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতার করতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।