Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান জরুরি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৬:১০

মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘মাদকমুক্ত দেশ গড়ো, যুবসমাজকে রক্ষা করো’ শীর্ষক এক আলোচনা সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: মাদক নিয়ন্ত্রণে সফল হতে হলে সবার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি। তিনি বলেন, ‘বাহিনীর কিছু অসাধু সদস্য নিজেরাই মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং মাদক সেবন করছেন, যাদের দিয়ে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ আয়োজিত পরিচিতি সভা এবং ‘মাদকমুক্ত দেশ গড়ো, যুবসমাজকে রক্ষা করো’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্পষ্টভাবে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের সমস্যাগুলো আগে চিহ্নিত করে দায়ী সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তার মতে, দেশে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও একে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। এ লক্ষ্যে যেসব সীমান্ত ও রুট ব্যবহার করে দেশে মাদক প্রবেশ করে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি জোর দেন। তিনি উল্লেখ করেন, কক্সবাজারের সমুদ্রপথ, মিয়ানমার সীমান্ত, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাটের বুড়িমারী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ বিভিন্ন প্রবেশপথ দিয়ে দেশে মাদক ঢুকছে।

মাদক নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক তৎপরতার কথা তুলে ধরে সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি উচ্চপর্যায়ের সভায় মাদক বিস্তারের উৎস ও নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাদক প্রবেশের পথগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকেও এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

মাদকের ভয়াবহতা রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান জয়নুল আবেদিন। তিনি বলেন, ‘সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে এবং কী করছে সে বিষয়ে মা-বাবাকে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। মাদকের টাকার জোগান দিতে গিয়ে তরুণ সমাজ ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যার ফলে অকালে অনেক নিরীহ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে।’

তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার জগৎ থেকে দূরে রাখতে সরকার সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জয়নুল আবেদিন জানান, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ নিশ্চিত করা এবং সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

বক্তব্যে তিনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক পরিবেশ পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তার দেশ পরিচালনার পরিকল্পনায় মাদক নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক অঙ্গন পুনর্গঠনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

দেশের সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, ‘সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তবে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় পুরোপুরি মোকাবিলা করতে হলে সরকার, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।