সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় গৃহবধূ রাবেয়া খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আফজাল হোসেন কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূ রাবেয়া খাতুনকে বিভিন্ন সময় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর সকালে রাবেয়াকে জুসের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে পান করানোর পর রিকশায় করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাবার বাড়িতে পৌঁছানোর পর রাবেয়া তার পরিবারের সদস্যদের অসুস্থবোধ করার বিষয়টি জানান। পরে স্বজনেরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর রাবেয়ার বড়ো ভাই মো. অমিত হাসান বাদী হয়ে অভিযুক্ত স্বামী মো. তরিকুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।