Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ায় জয় অতীত, শান্তর চোখ এখন শুধুই আফগানিস্তান ম্যাচে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ২৩:৪৫

গত মাসে অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বিপক্ষে ঐতিহাসির টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। এবার নতুন পরীক্ষায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর আত্মবিশ্বাস নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে আছে। তবে সেই সাফল্যকে আঁকড়ে পড়ে থাকতে চান না বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক শান্ত। তার কাছে প্রতিটি ম্যাচই আলাদা নতুন পরিকল্পনা।

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। তবে আমি মনে করি, সেটা এখন অতীত। এটা নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।’

বিজ্ঞাপন

আফগানিস্তান ম্যাচের আগে প্রস্তুতিটা স্বাভাবিক হয়নি বাংলাদেশ দলের। ক্রিকেটাররা একসঙ্গে আবুধাবিতে পৌঁছাতে পারেননি। কেউ বাংলাদেশ থেকে সরাসরি গেছেন, আবার এশিয়ান গেমসে অংশ নেওয়া ক্রিকেটারদের কয়েকজন জাপান থেকে যোগ দিয়েছেন। জ্বরের কারণে এশিয়ান গেমসে খেলতে না পারা শান্ত দলে যোগ দিয়েছেন নির্ধারিত সময়ের পরে।

তবে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা মানিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা। শান্ত বলেন, ‘এখানকার কন্ডিশন অবশ্যই আলাদা। কয়েকজন খেলোয়াড় একটু আগেই এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেটা সহায়তা করবে। আমার বিশ্বাস, খেলোয়াড়রা প্রস্তুত এবং তারা কন্ডিশন ও প্রতিপক্ষ—দুটোর সঙ্গেই মানিয়ে নিতে পারবে।’

বাংলাদেশ অনেকদিন ধরেই টেস্টে বেশ ধারাবাহিক। টাইগারদের পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট। টেস্ট ক্রিকেটে নিজেদের আলাদা পরিচয় তৈরি করার লক্ষ্যেই গত কয়েক বছর ধরে কাজ করার কথা জানালেন শান্ত।

‘অবশ্যই। আমার মনে হয়, গত কয়েক বছর আমরা বিশেষ করে এই ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছি। টেস্ট দল হিসেবে আমরা এটাই চেয়েছিলাম। কীভাবে টেস্ট ক্রিকেটে উন্নতি করা যায়, সেটা নিয়ে দেশে আমরা অনেক, অনেক পরিশ্রম করছি। আমরা আমাদের খেলার উন্নতি করার চেষ্টা করছি এবং গত কয়েক বছর ভালোও করেছি।’

আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টের পর আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশ, আফগানিস্তান ছাড়া টুর্নামেন্টের অপর দল জিম্বাবুয়ে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর