এশিয়ান গেমস খেলতে গিয়ে মাঠে না নেমেই দেশে ফিরতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত শান্ত। জ্বর আরও বেড়ে যাওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দলের সঙ্গে আরব আমিরাতেও যেতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার।
আগামীকাল আরব আমিরাতের বিমান ধরবেন টেস্ট দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ জানানো হয়েছে, জ্বর কাটিয়ে না উঠার কারণে কাল দলের সঙ্গে যাচ্ছে না টেস্ট অধিনায়ক শান্ত। তবে ৯ অক্টোবর শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা বিসিবির।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বুধবার নাজমুলের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে পরে দলের সঙ্গে যোগ দিতে আমিরাতে পাঠানো হবে তাকে।
কাল শান্তকে ছাড়াই বাকি ক্রিকেটাররা দেশ ছাড়বেন। আর এশিয়ান গেমস খেলতে টেস্ট দলের যে ক্রিকেটাররা এই মুহূর্তে জাপানে আছেন তারা গেমস শেষে ৩ অক্টোবর সেখান থেকেই আমিরাতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
আজ আফগানিস্তান সিরিজের সূচি ও ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। তাতে আগামী ৯ অক্টোবর থেকে আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।