Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসা করাতে এসে হোঁচট খেয়ে পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৯:০১ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬ ২১:১৭

প্রতীকী ছবি

চিকিৎসা করাতে এসে রাজধানীর কুর্মিটোলা হাসপতালের সামনে আইল্যান্ডের ওপর হোঁচট খেয়ে পড়ে গিয়ে মিজান বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেল দেখে আইল্যান্ডের ওপর পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন ওই নারী। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত মিজান বেগমের ভাই মোস্তাফিজুর রহমান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামে। বাবার নাম মোর্শেদ আলী। তার বোন গ্রামের বাড়িতে থাকতেন। স্বামী মোহাম্মদ আলী গ্রামে কৃষিকাজ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কয়েকদিন ধরে তার বোন অসুস্থ। সকালে মেয়ে রিমা আক্তার (১৬)-কে নিয়ে গ্রাম থেকে ঢাকায় আসে কুর্মিটোলা হাসপাতালে ডাক্তার দেখাতে। হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল দেখে ভয় পেয়ে যান। এসময় আইল্যান্ডের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। সাথে সাথে তাকে পথচারীদের সহায়তায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএম