ঢাকা: মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। আর ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানার দুই কর্মকর্তাকে (পরিদর্শক, তদন্ত) পল্লবী ও রূপনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।
এছাড়া, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।
অন্যদিকে, শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক তদন্ত হিসেবে বদলি করা হয়েছে। সেইসঙ্গে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।