কুমিল্লা: জেলার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে পরিচালিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার মো. জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার নীলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত শফিকুর রহমান ও ফাতেমা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে রাখা ৩৩টি জ্যামিতি বক্স থেকে মোট ১৮০টি প্যাকেটে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করে পুলিশ।
দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’