Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৫:২৬

জামায়াত আমিরকে বিদায় জানান দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেন।

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন। ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে তারা জামায়াত আমিরকে বিদায় জানান।

সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি ও অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সফরে তার সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান ডা. শফিকুর রহমান। পরদিন ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম’স কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন।

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সফরের শেষ পর্যায়ে ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

সফরের বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন ডা. শফিকুর রহমান।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর