বাগেরহাট: সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার পুণ্যার্থী, দর্শনার্থী ও বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে আলোরকোল সমুদ্রসৈকত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরে স্নান ও প্রার্থনার মাধ্যমে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তিন কিলোমিটার জুড়ে সমুদ্রপাড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে সুন্দরবনের আলোরকোল সৈকত। পূর্ণিমার জোয়ারে সমুদ্রস্নানের মাধ্যমে পাপ মোচনের বিশ্বাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের নোনা জলে নামেন পুণ্যার্থীরা। প্রার্থনায় তারা নিজেদের আত্মশুদ্ধি, প্রিয়জনের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে দুবলার চরে এই রাস উৎসবের সূচনা হয়। দীর্ঘদিন ধরে রাসপূর্ণিমার তিথি ও সাগরের জলে পুণ্যস্নানকে ঘিরে এই আয়োজন হয়ে আসছে। একসময় রাস উৎসব মানেই ছিল বিশাল রাসমেলা। দেশ-বিদেশের লাখো মানুষের সমাগমে মুখর থাকত পুরো চর, বসত নানা পণ্যের দোকান। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে মেলা বন্ধ রাখা হয়েছে। এবারও কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল পুরো আয়োজন।
দুবলা রাস উদ্যাপন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু জানান, সকল ধর্মের মানুষ ও প্রশাসনের সহযোগিতায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। তবে তিনি চরের অস্থায়ী মন্দিরটি স্থায়ীভাবে পাকা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উৎসব প্রসঙ্গে দুবলার চর রাস পূজা উদ্যাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কম হলেও উৎসবমুখর পরিবেশে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগম হয়েছে।’
নিরাপত্তা বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, কোনো প্রকার দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শত বছরের ঐতিহ্য পেরিয়ে রাস উৎসব এখন সর্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড, পুলিশ, র্যাব ও নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের জলে পূজা, পুণ্যস্নান আর সৃষ্টিকর্তার কাছে মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের শতবর্ষী এই রাস উৎসব। ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের এই মিলনমেলা সাঙ্গ হলেও সাগরপাড়ের স্মৃতি নিয়ে ঘরে ফিরেছেন পুণ্যার্থীরা।