Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হাসিনার সঙ্গে নয়, তাকে হস্তান্তরে আলোচনা হবে ভারতের সঙ্গে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৪:৪৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১৪:৪৭

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চায় সরকার। তিনি নিজে দেশে ফিরতে চাওয়ায় তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে শেখ হাসিনার সঙ্গে নয়, তাকে হস্তান্তরের বিষয়ে ভারতের সঙ্গেই আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলছেন, তিনি বাংলাদেশে ফিরতে চান। অন্যদিকে বাংলাদেশ সরকারও তাকে ফেরত চায়। ফলে দুই পক্ষের অবস্থান একই জায়গায় রয়েছে। তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, এ নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনার সুযোগ নেই। আলোচনা হবে ভারতের সঙ্গে। একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী তার সহযোগীদের নিয়ে ভারতে অবস্থান করছেন। তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে কিংবা কীভাবে তাকে হস্তান্তর করা হবে, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।’

উপদেষ্টা বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের জন্য সরকার অপেক্ষা করছে।’

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বা প্রতারণা বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সেই আলোচনা ভারতের সঙ্গে হবে। কোনো অপরাধীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে না।’

এদিকে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ও ডিসেম্বর ঘিরে সীমান্তে সতর্কতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দলটির হাজার হাজার নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে গ্রেফতর করে বিচারের আওতায় আনতে চায় সরকার। এ জন্য সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।’

নড়াইলে আওয়ামী লীগ-সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনাকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে এ ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমে অপতথ্য প্রচারের অভিযোগ তুলে দুই দেশের সম্পর্কের স্বার্থে এ ধরনের প্রচার বন্ধের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে চলতি নভেম্বরের নাশকতার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, সারা দেশে ১২১টি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা এবং ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া ৬২টি মামলা হয়েছে।

আইনজীবীকে হেনস্তা অনুচিত

সাবেক মেয়র সাঈদ খোকনকে আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, ‘সরকার বিষয়টিকে ব্যক্তিগতভাবে অনুচিত ও অন্যায় বলে মনে করে।’

তিনি বলেন, ‘কেউ অন্যায়ের শিকার হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন। ওই ঘটনায় আইনজীবীও সংক্ষুব্ধ হলে আইনি সহায়তা নিতে পারবেন। এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে সরকার আশা করে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর