ঢাকা: এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, রাজধানীর মিরপুরে গ্রেফতার ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্য ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন যা দিয়ে অপরাধীরা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করতো। আর তাদের বিদেশ থেকে পরিচালনা করত গ্রুপ লিডাররা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) এবং মো. সৌরভ ব্যাপারী (১৯)।
হাফিজুর রহমান বলেন, ‘রাজধানীর পল্লবী ও রুপনগর এলাকার বহুল আলোচিত ফোর স্টার গ্রুপের সদস্যরা উৎপাত এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শোডাউন ও ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর বিকেলে এসআরবি-৪-এর আভিযানিক দল পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফোর স্টার গ্রুপের অস্ত্রধারী আসামি শেখ ওসমান গনি সোহাগকে (৩৫) গ্রেফতার করে।’
তিনি বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ফোর স্টার গ্রুপের সদস্যরা রাজধানীর পল্লবী, মিরপুর, শাহআলী, কাফরুলসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। এ ছাড়াও তার গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন সময় আধিপত্য বিস্তারের জন্য মহড়া করতো এবং বিভিন্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতো। পাশাপাশি, উক্ত অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ড চালাতো।’
এসআরবি-৪-এর অধিনায়ক বলেন, ‘সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-৪ জানতে পারে, শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৭ থেকে ৮ জনের একটি দল ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে সমবেত হয়েছে। তৎক্ষণাৎ আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এসআরবি-৪। এ সময় তাদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, অবৈধ মাদক ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিল।’
তিনি জানান, এ ঘটনায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাঁজা গুলি, ১২টি রামদা, চাকু, সামুরাই ও ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সকলেই ফোর স্টার মশিউর গ্রুপের ছত্রছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।