চট্টগ্রাম: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গেছি, তার মানে এই নয় যে, আপনার যত অপরাধ আছে, সেই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব। বাংলাদেশে যদি ঐক্য হতে হয় তাহলে বিএনপিকে মুচলেকা দিতে হবে ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি গণরায় বাস্তবায়ন করব।’
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘তলোয়ারের সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না বাংলাদেশে। জুলাই সনদের ভিত্তিমূল হবে বাংলাদেশে ঐক্যের চাবিকাঠি। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকব, শহিদ ওসমান হাদীর ত্যাগ, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সংলাপের মুলা ঝুলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি। এই নিউমার্কেট সাক্ষী আছে, আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছে, অসংখ্য ভাইয়ের চোখ চলে গিয়েছিল, হাত হারিয়েছিল। এই চট্টলা থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সেই চট্টলায় দাঁড়িয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছি।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যখন আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, এরপর শহিদ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় জুলাইয়ের ডাক দিয়েছিলেন। সেই ডাকের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে আমাদের ব্যারিকেড করতে হবে। যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য চলবে না, বাংলাদেশে কোনো ভারতীয় কাজ করতে পারবে না।’
বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অপমান এবং পুলিশ হত্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের আগে প্রধানমন্ত্রীকে নিজের দলের ওই সংসদ সদস্যকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে।’
সমাবেশ শেষে নিউমার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির চট্টগ্রামের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম।
মিছিলে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।