Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নামজারি ও ভূমি উন্নয়ন কর সেবায় ক্যাশলেস ব্যবস্থা, কমছে ভোগান্তি

মো.আশরাফুল ইসলাম
১২ অক্টোবর ২০২৬ ১০:২০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৩:১২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে নামজারি ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা অটোমেশনের আওতায় আসায় সেবাগ্রহীতাদের ভোগান্তি কমেছে। একই সঙ্গে ক্যাশলেস লেনদেন চালু থাকায় অনিয়ম, দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল হক নাহিদ বলেন, ভূমি অফিসের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের কার্যক্রম অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এ ব্যবস্থায় নগদ লেনদেনের কোনো সুযোগ নেই। ক্যাশলেস পদ্ধতিকে পুরোপুরি কার্যকর করতে ভূমি অফিস থেকে নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেবার মান আরও উন্নত করা এবং সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। ভূমি অফিসে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি, দালালি কিংবা অবৈধভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে না।

ভূমি অফিসে সেবা নিতে আসা শফিকুল ইসলাম নামজারি সম্পন্ন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তিনি সহজেই নামজারি সেবা পেয়েছেন।

আরেক সেবাগ্রহীতা মনিরুল ইসলাম বলেন, আগের তুলনায় ভূমিসেবার মান অনেক ভালো হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে নামজারি কার্যক্রম সম্পন্ন হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে পাওয়া যাচ্ছে এবং অফিসের কার্যক্রমেও স্বচ্ছতা এসেছে। এতে সেবাগ্রহীতাদের সময় ও ভোগান্তি দুটোই কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে অটোমেশন ও ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের সরাসরি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি ভূমি অফিসের কার্যক্রমে জবাবদিহিতা বাড়ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর