ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৫৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৭৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও সিটিটিসি তিনজনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, দুই বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইলফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।