Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি

সারাবাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬ ১১:২৫

বিশ্ব ডাক দিবস ২০২৬ ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষ্যে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর বিভিন্ন পর্যায়ের ছয় প্রতিনিধিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। দেশজুড়ে ডাক ও ডিজিটাল আর্থিক সেবার প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগ তাদের এ সম্মাননা প্রদান করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটর, উদ্যোক্তা ও নগদ সেবা-এই তিনটি বিভাগে প্রতিনিধিরা পুরস্কার পান।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ডিস্ট্রিবিউটর বিভাগে পঞ্চগড়ের এইচ. টি. এন্টারপ্রাইজের মো. সাইদুজ্জামান শিপলু এবং নারায়ণগঞ্জ ও ঢাকায় কার্যক্রম পরিচালনাকারী আইডিয়াল কানেকশনের নবনীত সাহা রয়েছেন। উদ্যোক্তা বিভাগে পুরস্কার পেয়েছেন নেত্রকোনার রনি টেলিকমের মো. রনি মিয়া ও কক্সবাজারের নাজিম কম্পিউটারের নাজিম উদ্দিন। অন্যদিকে, নগদ সেবা প্রতিনিধি বিভাগে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মুশফিকুল ইসলাম ভূঁইয়া ও বগুড়ার মো. ইমরান হক দিহান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

‘নগদ’-এর ছয় প্রতিনিধিসহ সম্মাননাপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘নগদ ডাক বিভাগকে প্রফিট দিচ্ছে, কিছুদিন আগে আমাদেরকে ১৮ কোটি টাকা লাভ দিয়েছে। সুতরাং নগদকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা।’

চলতি বছর ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সাধারণ মানুষের জরুরি সেবার প্রয়োজন বিবেচনায় ছুটির দিনেও ডাকঘরের কার্যক্রম চালু রাখার পাশাপাশি ডাকঘরের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে যোগাযোগ, বাণিজ্য, পণ্য পরিবহন ও আর্থিক সেবা একই ছাতার নিচে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এবারের ডাক দিবসের কর্মসূচিতে আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতা, চিঠি উৎসব, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি ডাক বিভাগ ও ‘নগদ’-এর সফল অংশীদারদের পুরস্কৃত করা হয়। ‘নগদ’-এর প্রতিনিধিদের পাশাপাশি ডাকসেবা ও পোস্টাল ব্যালট কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৯ জনকে বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর