ঢাকা: উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের চিহ্নিত করা এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যায়ে আট বিভাগের আটটি জেলার ৬৪টি উপজেলা থেকে এসব আবেদন জমা পড়ে। এবার দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ (UDYOG) উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র প্রাথমিক পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা জেলার সব উপজেলা থেকে আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়। এ জেলায় আবেদন জমা পড়েছে ৫ হাজার ৩৫১টি। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৭৪৫টি আবেদন এসেছে রংপুর থেকে। এ ছাড়া নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
প্রাথমিক পর্যায়ের কার্যক্রম শেষে এবার অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য আবেদন গ্রহণ করা হবে। আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আগ্রহীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
কর্মসূচিটির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর তারিখে এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.smespd_portal) পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং তাঁদের অর্থায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এ কর্মসূচির মূল লক্ষ্য। এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগের প্রসার এবং উদ্যোক্তা তৈরিতে তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতাও কামনা করেছে প্রতিষ্ঠানটি।