ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। তবে বিশেষ কারণ কী, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। দলের ইচ্ছার বিরুদ্ধে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। বিশেষ কারণগুলো আমি সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে তুলে ধরব।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব। এখন আমি আরও জোরালোভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তবে এমন উপযুক্ত পদ্ধতিতে কাজ করব, যাতে নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি না হয়।’
উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ পরিপ্রেক্ষিতে রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই নাকি তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। একই দিন রাতে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে তার পদত্যাগের নিউজটি গণমাধ্যমে এলে তিনি তাৎক্ষণিক বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু আজ সকালে ইশরাক নিজেই পদত্যাগের ঘোষণার কথা জানান।