ঢাকা: দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের অসুস্থতা ও চিকিৎসার বিষয়টি উল্লেখ করেন।
পদত্যাগপত্রে ওসমান ফারুক বলেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আপনাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। আপনি হয়তো ইতিমধ্যেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছি। এই পরিস্থিতিতে আমার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত গ্রহণ করা আমার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমি গভীরভাবে মর্মাহত। আমি আন্তরিকভাবে আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনি, জাতীয় সংসদে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় কিশোরগঞ্জবাসী হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়। একসঙ্গে দায়িত্ব পালনকালে আপনার আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি ১৫ নভেম্বর স্পিকারের হাতে পৌঁছায় এবং সেটি বিধিসম্মত হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন।