Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদি আরবকে তিন দফা কূটনৈতিক পত্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৩:১৫

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের তথ্যের বিষয়ে জানতে চেয়ে আবারও একটি কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৯ অক্টোবর) জেদ্দার বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একটি কূটনৈতিক পত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের কাছে সৌদি আরবের পাঠানো বন্দি তালিকায় নজরুল ইসলাম ও সিথি আক্তারের নাম এবং তাদের অপরাধের বিবরণ ছিল। তবে সাজা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি বাংলাদেশকে জানানো হয়নি।

বিজ্ঞাপন

সৌদির পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সালের আগস্টে গ্রেফতারের পর যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে নিম্ন আদালত দুই আসামির দণ্ড দেন। পরে আপিল আদালতে ১৩ জন বিচারককে নিয়ে গঠিত প্যানেল তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতের রায় অনুসরণ করে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, কনসাল জেনারেল সৌদি কর্মকর্তার কাছে নজরুল ইসলাম ও সিথি আক্তারের মামলার বিবরণ এবং বিচারিক প্রক্রিয়ার বিস্তারিত চেয়ে ফের কূটনৈতিক পত্র দিয়েছে। কূটনৈতিক পত্রে যত দ্রুত সম্ভব দণ্ডিত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ করা হয়।

গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর জানায়। এর পরদিন ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ব্যাপারে বিস্তারিত জানাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র দিয়েছিল।

এরপর গত ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে এই কূটনৈতিক পত্র পুনরায় দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর