Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেড়াতে গিয়ে বিপদ এড়াতে যেসব বিষয় মেনে চলা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬ ১৮:৩৫

ব্যাগ গুছিয়ে পছন্দের গন্তব্যে হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা। পুজোর লম্বা ছুটিতে ঘুরে আস্তে পারেন পছন্দের কোনো জায়গা থেকে। যা নিত্যদিনের একঘেয়েমি ভেঙে মনকে যেমন চাঙ্গা করে, তেমনই এনে দেয় অনাবিল শান্তি। তবে এই রঙিন অভিজ্ঞতা মুহূর্তের মধ্যেই এক দুঃস্বপ্নে পরিণত হতে পারে, যদি সামান্য অসাবধানতা গ্রাস করে বসে। ঘুরতে গিয়ে দরকারি পাসপোর্ট হারিয়ে যাওয়া, মানিব্যাগ চুরি হওয়া কিংবা জরুরি নথিপত্র না পেয়ে বিপদে পড়া-এমন ঘটনা অহরহই ঘটে থাকে। তাই ভ্রমণের আনন্দ শতভাগ উপভোগ করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত অঘটন এড়াতে কিছু প্রয়োজনীয় জিনিস সবসময় নিজের ছায়ার মতো কাছে রাখা আবশ্যক।

বিজ্ঞাপন

হ্যান্ডব্যাগে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল ব্যাকআপ

জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, টিকিট ও হোটেল বুকিংয়ের কাগজের মতো মূল ডকুমেন্টগুলো কখনোই মূল ট্রলি বা চেক-ইন ব্যাগে রাখবেন না। সবসময় ব্যবহার করেন এমন একটি ছোট ব্যাকপ্যাক বা ক্রসবডি ব্যাগে এগুলো গুছিয়ে রাখুন। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সব নথিপত্রের ছবি তুলে নিজের ইমেইল ও মোবাইলে ‘ডিজিটাল কপি’ হিসেবে সংরক্ষণ করুন।

স্মার্ট মানি ম্যানেজমেন্ট ও কার্ডের সুরক্ষা

ঘুরতে যাওয়ার সময় নগদ টাকা এক জায়গায় না রেখে সবসময় ভাগ করে রাখুন। মানিব্যাগ, হ্যান্ডব্যাগ ও পকেটে আলাদা আলাদা জায়গায় ক্যাশ টাকা ও ডেবিট-ক্রেডিট কার্ড রাখুন। এতে দুর্ঘটনাবশত কোনো কারণে একটি ওয়ালেট বা ব্যাগ চুরি কিংবা হারিয়ে গেলেও আপনাকে সমস্যায় পড়তে হবে না।

সিক্রেট পকেট ও মাল্টি-পাউচ ব্যাগের ব্যবহার

ভ্রমণের সময় নিরাপত্তার জন্য সিক্রেট বা হিডেন চেইন লক সম্বলিত ‘অ্যান্টি-থেফট’ ব্যাগ বেছে নিন। ব্যাগের গভীরের চেম্বারে পাসপোর্ট, গয়না বা দামি জিনিসপত্র রাখুন। সব জিনিস গুছিয়ে রাখতে ছোট ছোট অর্গানাইজার পাউচ ব্যবহার করুন, এতে ভিড়ের মধ্যেও জিনিসপত্র খোয়া যাওয়ার ঝুঁকি থাকে না।

রুট, আবহাওয়া ও স্থানীয় পরিস্থিতির খোঁজখবর

গন্তব্যে পৌঁছানোর আগেই সেখানকার সার্বিক আবহাওয়া, যাতায়াত ব্যবস্থা ও রাস্তার কন্ডিশন সম্পর্কে স্পষ্ট ধারণা নিন। পাহাড়ি বা দূরবর্তী অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে আগাম আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া খুবই জরুরি, না হলে অচেনা জায়গায় পথেই আটকে পড়তে হতে পারে।

অফলাইন ইমার্জেন্সি কন্টাক্ট ও ফার্স্ট এইড কিট

জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য ব্যথানাশক, ব্যান্ডেজ ও অ্যান্টিসেপটিকসহ একটি ছোট মেডিক্যাল কিট সঙ্গে রাখুন। পাশাপাশি আপনার ভ্রমণ তালিকা ও হোটেলের তথ্য পরিবারের নিকটজনকে দিয়ে রাখুন। যেকোনো বিপদে বা ফোন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় জরুরি নম্বরগুলো মোবাইলের পাশাপাশি একটি কাগজে লিখে হাতের কাছে ব্যাগে রেখে দিন।

ভ্রমণ কেবল গন্তব্যে পৌঁছানোর নাম নয় বরং সম্পূর্ণ সফরটি নিরাপদে উপভোগ করাই আসল সফলতা। সামান্য পূর্বপ্রস্তুতি ও সতর্কতা আপনাকে দেবে এক দুশ্চিন্তাহীন ছুটির গ্যারান্টি। তাই পরের বার ব্যাগ গুছিয়ে বের হওয়ার আগে এই জরুরি সুরক্ষা টিপসগুলো মেনে চলুন এবং আপনার প্রতিটি ভ্রমণকে করে তুলুন সুন্দর।