ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ফলিয়া বাজারের অগ্নিকাণ্ডে ৭টি পাটের আড়ত ও ৩টি দোকান ভষ্মিভূত হয়েছে। আড়তে থাকা প্রায় তিন হাজার মন পাট আগুনে পুড়ে গেছে। প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
আগুনের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই দাউদাউ করে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই বাজারের ৭টি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুইটি কাচামালের দোকান ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভষ্মিভূত হয়ে যায়।
বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, রাতে হঠাৎ করেই পাটের একটি গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৭টি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুইটি কাচামালের দোকান মুহুর্তের মধ্যেই ভষ্মিভূত হয়ে যায়। প্রায় তিন হাজার মন পাট পুড়ে যায়। যার মূল্যে প্রায় দুই কোটি টাকা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভষ্মিভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ চলছে।