Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কার্ডের মাধ্যমে বিদেশি পর্যটকদের পরিশোধিত অর্থের ১৫ শতাংশ সংরক্ষণ করা যাবে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১৬:০৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৭:১৬

ঢাকা: বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবার বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়মে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডে পরিশোধ করা অর্থের সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের করতে পারবে। অবশিষ্ট ৮৫ শতাংশ অর্থ নগদায়ন (টাকায় ভাঙিয়ে) করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ প্রদান এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করার লক্ষ্যে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় ভাঙিয়ে নিতে হবে। আর বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধিবিধান অনুসরণ করে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এ সুবিধা বিদেশি পর্যটকদের সেবা প্রদানকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ সহজ করবে। এর ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে, তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট অর্থ টাকায় রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মুদ্রাপ্রবাহ বজায় রাখাও সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর